
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন এলাকায় বৈদ্যুতিক লাইনের ওপর কাপড় পড়ে প্রায় ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৩ মিনিটে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে কাপড় সরিয়ে নিয়ে বিকেল ৪টা ৫৮ মিনিটে লাইন স্বাভাবিক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর কাপড় পড়েছিল। নিরাপত্তার কারণে তখন ট্রেন চলাচল সাময়িক স্থগিত করা হয়। কাপড় সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।”
ট্রেন চলাচল বন্ধ থাকায় অন্যান্য স্টেশনে থাকা ট্রেনগুলোকেও নির্দিষ্ট দূরত্বে থামিয়ে রাখা হয়, যার ফলে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়। কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মেট্রোরেল চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন