
নিজস্ব প্রতিবেদক, সোনাগাজী:
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে মতিগঞ্জ জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ঝাঁ চকচকে আলো আর দর্শকদের মুহুর্মুহু করতালিতে পুরো মাঠজুড়ে বিরাজ করছিল এক উৎসবমুখর পরিবেশ। রোমাঞ্চকর এই ফাইনাল খেলায় সোনাগাজী কোট এলাকার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৬ নং চরচান্দিয়া ইউনিয়নের ‘ভূঁইয়া বাজার স্পোর্টিং ক্লাব’। রানার্সআপ খেতাব লাভ করে ‘সোনাগাজী কোট এলাকার স্পোর্টিং ক্লাব’।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন মতিগঞ্জ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট যুবদল নেতা সাব্বির রায়হান তারেকসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। তাঁরা দুই দলের প্রতিভাবান খেলোয়াড়দের নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মত প্রকাশ করেন। তাঁরা বলেন,
“তরুণ সমাজই একটি দেশের মূল চালিকাশক্তি। আমরা চাই খেলাধুলা ও শারীরিক চর্চার মাধ্যমে আমাদের যুবসমাজ সামনের দিকে এগিয়ে যাক। খেলাধুলার এই উদ্দীপনা তরুণদের মাদক ও সকল ধরনের সামাজিক অপরাধমূলক কাজ থেকে দূরে রাখবে এবং একটি সুন্দর, সুস্থ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে।”
আয়োজকদের পক্ষ থেকে প্রতিশ্রুটি দেওয়া হয়, যুবসমাজকে সুপথে রাখতে এবং স্থানীয় খেলাধুলার মান উন্নয়নে এ ধরনের টুর্নামেন্টের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
“মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি”—এই দীপ্ত শ্লোগানকে সামনে রেখে এক চমৎকার সৌহার্দ্যপূর্ণ আবহে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন