
বিশেষ প্রতিনিধি | কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে। উদ্ধারের পর জানা গেছে, জব্দকৃত এসব মালামাল ও যানবাহনের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি ১০ ব্যাটালিয়নের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের সীমান্তবর্তী এলাকায় বিজিবির নিয়মিত চোরাচালানবিরোধী বিশেষ টহল পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ও মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মাইক্রোবাস ভর্তি বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করে বিজিবি সদস্যরা।
১০ বিজিবির ব্যাটালিয়ন কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে জানায়, উদ্ধারকৃত প্রসাধনী সামগ্রী এবং পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটির সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ টাকার অধিক। বিজিবি আরও জানায়, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ভারতীয় কসমেটিকস সামগ্রী ও জব্দকৃত যানবাহনটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন