
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে স্ত্রীর মৃত্যুর মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে মসজিদে নামাজরত অবস্থায় মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান মোল্যা মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন। তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে (প্যারালাইসিস) আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। গত শনিবার গভীর রাতে (রাত আনুমানিক ২টার দিকে) বাড়িতেই মারা যান তাঁর স্ত্রী।
স্ত্রীর মৃত্যুর পর ভোররাতে তাঁর মরদেহ ঘরে রেখে মুয়াজ্জিন রোমান মোল্যা ফজরের আজান দেওয়া ও নামাজ আদায়ের জন্য মসজিদে যান। আজান শেষে সালাত আদায়ের সময় মসজিদের মধ্যেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা তাঁকে সুস্থ করার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
একই রাতে স্ত্রীর পর স্বামীর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তীতে স্থানীয়রা একই স্থানে পাশাপাশি খাটিয়ায় রেখে দম্পতির যৌথ জানাজার আয়োজন করেন।
মন্তব্য করুন